ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের স্বর্ণ উত্তোলনের টাকা যাচ্ছে আফগানিস্তানে, অভিযোগে খনি বন্ধ ঘোষণা

পাকিস্তানের স্বর্ণ উত্তোলনের টাকা যাচ্ছে আফগানিস্তানে, অভিযোগে খনি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের স্বর্ণ উত্তোলনের টাকা যাচ্ছে আফগানিস্তানে, অভিযোগে খনি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

অবৈধভাবে তোলা স্বর্ণের হাজার কোটি রুপি জঙ্গিদের পেছনে খরচ হচ্ছে, এমন অভিযোগের পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের স্বর্ণ উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রদেশের কোহাট জেলায় অবৈধ স্বর্ণ উত্তোলনবিরোধী অভিযানে ১০ পুলিশ সদস্য নিহত হওয়ার কয়েক দিন পর এই সিদ্ধান্ত এলো।

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি শনিবার (১৪ নভেম্বর) প্রদেশজুড়ে সব খনি কার্যক্রম স্থগিত এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন। একইসঙ্গে ইজারাদার ও ঠিকাদারদের আগামী সাত দিনের মধ্যে খনি এলাকা থেকে ভারী যন্ত্রপাতি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


গভর্নর ফয়সাল করিম কুন্দি দাবি করেন, কোহাট জেলা থেকে প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ তোলা হচ্ছে, যার দাম প্রায় ৪২০ কোটি রুপি। এই টাকার প্রায় ৮০ শতাংশই আফগানিস্তানে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


গভর্নর কুন্দির অভিযোগ, অবৈধ খনি পরিচালনাকারীরা নির্বিঘ্নে কাজ চালানোর জন্য জঙ্গিদের নিয়মিত চাঁদা দেয়। আর সেই টাকা পরে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও নাশকতায় ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক এই অবৈধ কাজের সাথে জড়িত। প্রতি মাসে যেখানে প্রায় ৪২০ কোটি রুপির স্বর্ণ তোলা হয়, সেখানে ১০ বছরের জন্য মাত্র ৪৯২ কোটি রুপিতে কীভাবে খনির ইজারা দেয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


সম্প্রতি কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা জানান, অভিযান শেষে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত হন এবং পাল্টা গোলাগুলিতে ১৮ জঙ্গি মারা যায়। গভর্নর কুন্দির দাবি, হামলাকারীদের সাথে অবৈধ স্বর্ণ উত্তোলনকারীদের যোগাযোগ রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


কোহাটের এই ঘটনার পেছনে ১২ জন রাজনৈতিক নেতার মদদ রয়েছে বলেও অভিযোগ করেছেন গভর্নর। তাদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানের নাম বলেন তিনি। তবে যাদের নাম তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে এখনো থানায় কোনো মামলা হয়নি বলেও স্বীকার করেন কুন্দি। রাজনৈতিক নেতাদের জড়িত থাকার এই অভিযোগও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর কুন্দি। পাশাপাশি নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও অনুমোদন দিয়েছেন তিনি। গভর্নর বলেন, প্রশাসন অবৈধ খনি পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্রদেশের খনিজ সম্পদ রক্ষা করবে।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন