ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের সফল পরীক্ষা, উড়বে এক চার্জে ৪০০ কিলোমিটার

চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের সফল পরীক্ষা, উড়বে এক চার্জে ৪০০ কিলোমিটার

আন্তর্জাতিক, এশিয়া

চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের সফল পরীক্ষা, উড়বে এক চার্জে ৪০০ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চীনের তৈরি নতুন বৈদ্যুতিক যাত্রীবাহী উড়োজাহাজ ‘সিই-২৫এ’ (CE-25A) প্রথমবারের মতো সফলভাবে মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরের আকাশে উড়োজাহাজটির পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ টন ওজনের উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। পরীক্ষার পুরো কার্যক্রম প্রায় এক ঘণ্টা স্থায়ী হলেও উড়োজাহাজটি আকাশে ছিল ১৬ মিনিট ৩৮ সেকেন্ড। এ সময় এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।


উন্নয়নকারী দলের দাবি, পরীক্ষামূলক উড্ডয়ন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং উড়োজাহাজটির সব কার্যক্ষমতার সূচক প্রত্যাশা অনুযায়ী ফল দিয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।


চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (COMAC) নির্মিত সিই-২৫এ প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত স্বল্প দূরত্বের আন্তনগর যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে।


উড়োজাহাজটিতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী পরিবহন করা যাবে। এর ঘণ্টায় সর্বোচ্চ ক্রুজিং গতি ৩০০ কিলোমিটার, উড্ডয়নসীমা ৪০০ কিলোমিটার এবং নির্ধারিত ক্রুজিং উচ্চতা ২ হাজার ৪০০ মিটার।


প্রকল্পটি বাস্তবায়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল (CATL), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি সংস্থা।
ইতিমধ্যে উড়োজাহাজটি ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চীনের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এর টাইপ সার্টিফিকেটের আবেদন গ্রহণ করেছে। বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পেতে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তির সফল প্রয়োগ ভবিষ্যতে স্বল্প দূরত্বের বিমান পরিবহনে বৈদ্যুতিক উড়োজাহাজের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করতে পারে।


সূত্র: সিজিটিএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন