আন্তর্জাতিক
ব্রাজিলের নির্বাচনে হারার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গোপনে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া ফ্লাভিও বলসোনারো এবার সেখানে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার কথা জানিয়েছেন। দেশে ফিরলে রাজনৈতিক চাপ ও মামলার মুখে পড়তে পারেন এমন ভয় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় হারার পর পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলে যান ফ্লাভিও বলসোনারো। সংবাদমাধ্যম দ্য ইপোক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিদেশে থেকেই তিনি ব্রাজিলের রাজনীতি চালিয়ে যাবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থেকেও তিনি তার দেশকে রক্ষা করতে পারবেন এবং সমর্থকদের সাথে যোগাযোগ রেখে সবার সাথে মিলে সিদ্ধান্ত নেবেন।
তাকে ও তার পরিবারকে জায়গা দেয়ার জন্য মার্কিন জনগণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান বলসোনারো। তিনি বলেন, আইনি উপায়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন।
বলসোনারো জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প প্রশাসন এখন বেশ ব্যস্ত সময় পার করছে বলে তিনি মনে করেন। তাই প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য তিনি আরও ভালো সময়ের অপেক্ষা করবেন।
যুক্তরাষ্ট্রে থাকার সময় রাস্তাঘাট, রেস্তোরাঁ ও বিমানবন্দরে যেসব মার্কিন নাগরিকের সাথে তার দেখা হয়েছে, তারা তাকে সমর্থন দিয়েছেন বলে দাবি করেন বলসোনারো। তিনি বলেন, তাদের এই উৎসাহ তাকে সাহস জুগিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে হারার পর ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো। দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত চলতে থাকায় তাকে পাসপোর্ট জমা দেয়ার জন্য একটি সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই তিনি গোপনে ব্রাজিল ছেড়ে চলে যান।
বিভিন্ন খবরে বলা হয়েছে, বলসোনারো প্রথমে আর্জেন্টিনায় যান এবং সেখান থেকে ইকুয়েডর হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।
নির্বাচনে হেরে যাওয়া সিনেটর ফ্লাভিও বলসোনারো ভ্রমণ নিষেধাজ্ঞা ভেঙে দেশ ছাড়ায় ঘটনাটিকে লজ্জাজনক বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ফ্লাভিও বলসোনারোর বাবার জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘ডার্ক হর্স’-এ অবৈধ টাকা খরচের অভিযোগ নিয়ে তদন্ত করছে দেশটির সুপ্রিম ফেডারেল কোর্ট। এ ছাড়া ব্রাজিলের সংবাদপত্র ও এস্তাদো দে সাও পাওলো এবং ও গ্লোবো জানিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী উইলার তোমাজের সাথে জড়িত অর্থ পাচারের আরেকটি আলাদা মামলায়ও বলসোনারোকে সন্দেহ করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের নির্বাচনের ফলাফল নিয়ে তার সন্দেহ আছে এবং তিনিই বলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন