ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইতালির দুর্গম পাহাড়ে মিলল ২৪ হাজার বছর আগের ভালুকের শত শত কঙ্কাল

ইতালির দুর্গম পাহাড়ে মিলল ২৪ হাজার বছর আগের ভালুকের শত শত কঙ্কাল

আন্তর্জাতিক

ইতালির দুর্গম পাহাড়ে মিলল ২৪ হাজার বছর আগের ভালুকের শত শত কঙ্কাল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইতালির ডলোমাইটস পর্বতমালার একটি দুর্গম ও অজানা গুহায় বরফ যুগের বিশালাকার গুহা ভালুকের শত শত কঙ্কাল খুঁজে পেয়েছেন এক পর্বতারোহী গাইড। প্রায় ২৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ‘উরসাস ল্যাডিনিকাস’ প্রজাতির ভালুকের এই কবরস্থানটি বরফ যুগের ইতিহাস জানার নতুন দুয়ার খুলে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইতালির উত্তরাঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৫০ মিটারেরও বেশি উচ্চতায় এক খাড়া পাহাড়ে গুহাটির সন্ধান পান ৪১ বছরের অভিজ্ঞ গাইড কার্ট ওয়াল্ডে। সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ দেখে তার সন্দেহ হয়েছিল। অবশেষে চলতি বছরের জুলাইয়ে ২২ কেজি ওজনের ব্যাগ পিঠে নিয়ে ও দড়ি বেয়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে তিনি গুহাটির ভেতরে ঢোকেন।


ভেতরে হেডল্যাম্পের আলো ফেলতেই বিস্মিত হন ওয়াল্ডে। তিনি দেখেন, গুহার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য হাড়গোড় ও খুলি। এর মধ্যে টেবিলের মতো উঁচু একটি পাথরের ওপর একাকী একটি হাড় রাখা দেখে তিনি বেশ রহস্য অনুভব করেন। এ ছাড়া ঘাড়ের হাড়ের সাথে যুক্ত একটি খুলিও তার চোখে পড়ে। নিজের অনুভূতির কথা জানিয়ে ওয়াল্ডে বলেন, ‘সেটি ছিল দারুণ রোমাঞ্চকর। আমি আমার আবেগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছিলাম।’


নতুন আবিষ্কৃত এই গুহাটির ঠিক উল্টো দিকেই রয়েছে বিখ্যাত ‘কনটুরিনস গুহা’, যেখানে ১৯৮৭ সালে প্রথম এই প্রজাতির ভালুকের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। প্রায় ৩ মিটার লম্বা ও ১ হাজার ২০০ কেজি ওজনের এই বিশাল ভালুকগুলো মূলত তৃণভোজী ছিল।


খবর পেয়েই গুহাটি সুরক্ষিত করতে উদ্যোগী হন বলজানো প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ক্রিস্টিয়ান টেরজার। যাতে কেউ ভেতরে ঢুকে নিদর্শনগুলো নষ্ট করতে না পারে, সেজন্য হেলিকপ্টারে করে সরঞ্জাম নিয়ে গুহার মুখে গেট বসিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। গুহাটি পরিদর্শন করে টেরজার বলেন, ‘ভেতরে শত শত হাড় রয়েছে। ঠিক কতগুলো ভালুকের কঙ্কাল আছে তা জানি না, তবে সংখ্যাটা অনেক।’ পাথরের ওপর আলাদাভাবে হাড় রাখার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘বড় পাথরের ওপর কিছু বিচ্ছিন্ন হাড় রাখা দেখে অবাক হয়েছি। এটি প্রাকৃতিকভাবে হয়েছে নাকি হাজার বছর আগে ভেতরে মানুষের যাতায়াত ছিল, তা আমাদের খুঁজে বের করতে হবে।’


সেন্ট গ্যালেনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদ মার্টিনা প্যাকার মনে করেন, পুরোনো কনটুরিনস গুহার সাথে নতুন এই গুহাটির কোনো সংযোগ থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি আরও পূর্ণাঙ্গ কঙ্কাল পাই, তবে এই ভালুকগুলো দেখতে কেমন ছিল এবং এদের পারিবারিক ও সামাজিক আচরণ কেমন ছিল, তা আরও ভালোভাবে বুঝতে পারব।’


লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জ্যেষ্ঠ কিউরেটর স্পিরিডুলা পাপ্পাও এই আবিষ্কারে দারুণ উচ্ছ্বসিত। তার মতে, দাঁত, কঙ্কাল ও জিনগত উপাদান পরীক্ষা করে আল্পস অঞ্চলের এই বিলুপ্ত ভালুক এবং সে সময়ের পরিবেশ সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব হবে। শীত মৌসুমের কারণে আপাতত গুহাটি বন্ধ রাখা হয়েছে। ২০২৭ সালের জুন মাস থেকে বিজ্ঞানীরা সেখানে আবারও আনুষ্ঠানিক গবেষণা শুরু করবেন।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন