খেলাধুলা, ফুটবল
ভারত-পাকিস্তান ফাইনালের টিকিট ১০০০ টাকা থেকে কমিয়ে এখন ২০০
.webp)
স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় টুর্নামেন্টের টিকিটের দামে বড় ধস নেমেছে। গ্রুপ পর্বের যে টিকিটের দাম ১ হাজার টাকা ছিল, ফাইনালের জন্য সেই গ্যালারি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে আজ এ চিত্র দেখা গেছে।
এর আগে টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণের পর সমর্থকরা প্রতিবাদ জানিয়েছিলেন। তখন সাফ কর্তৃপক্ষ ও টুর্নামেন্টের স্বত্ব পাওয়া মার্কেটিং পার্টনার ‘টিএসএ’ কর্মকর্তারা নানা যুক্তি দেখিয়েছিলেন। অথচ ফাইনালে টিকিটের দাম যেখানে সর্বোচ্চ হওয়ার কথা, সেখানে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হঠাৎ করে টিকিটের দাম এত কমানোর বিষয়ে কোনো উত্তর দেননি সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।
উল্লেখ্য, জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে ২১ হাজার ৯৮৩ জন দর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিদায় নেওয়ায় ফাইনালে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কাই বেশি। তবে টিকিটের এই বিশাল মূল্যহ্রাসের পর কতজন সমর্থক মাঠে আসেন, সেটাই এখন দেখার বিষয়।
ডিবিসি/পিআরএএন