সারা বাংলা
নাটোরে এক দিনের ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজির দাম

নাটোরে এক দিনের ব্যবধানে বেড়েছে শীতকালীন বিভিন্ন শাকসবজির দাম। পাইকারি বাজারে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দাম বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নাটোরের সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত রেলওয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
বাজারে গতকাল প্রতি কেজি ফুলকপি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হলেও আজ তা বেড়ে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকা থেকে বেড়ে ৩০ থেকে ৩৫ টাকা হয়েছে। করলা ৫০ টাকা থেকে বেড়ে ৬০ থেকে ৭০ টাকা, শিম ১০ টাকা বেড়ে ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের দামও বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এদিকে আলুর দাম কমে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে গাজর ও টমেটোর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
হঠাৎ এক দিনের ব্যবধানে সবজির এমন মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রেতাদের মতে, শীতের এই সময়ে সাধারণত সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম থাকে। ফলে এ সময় দাম বাড়ায় কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে।
তবে দাম বাড়ায় খুশি কৃষকরা। তাদের মতে, দীর্ঘদিন তুলনামূলক কম দামে সবজি বিক্রি করতে হয়েছে। এখন কিছুটা দাম বাড়ায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লাভের আশা করছেন তারা।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, গত দুই দিন ধরে আকাশ মেঘলা থাকায় কৃষকরা জমি থেকে তুলনামূলক কম সবজি সংগ্রহ করছেন। ফলে বাজারে সরবরাহ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে দামে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সবজির সরবরাহ বাড়বে এবং দামও আবার কমে আসবে বলে আশা করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
ডিবিসি/এসডব্লিউএন