অপরাধ
রামিসা ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানি আজ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি আজ (সোমবার)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ২ নম্বর ক্রমিকে রয়েছে।
জানা যায়, গত ১৯ মে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ভাড়া বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রামিসার পরিবার এবং অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তার একই ভবনের আলাদা ফ্ল্যাটে থাকতেন। হত্যার পর জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করে।
রামিসার বাবার দায়ের করা মামলায় ২১ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচারকাজ এগিয়ে চলে। ২৫ মে চার্জশিট দাখিল, ১ জুন অভিযোগ গঠন এবং ২ জুন মাত্র একদিনে রাষ্ট্রপক্ষের ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে উভয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয় (হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে)। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ না দিলে সম্পদ বাজেয়াপ্ত করে নিহতের উত্তরাধিকারীদের তা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।
ট্রাইব্যুনালের রায়ের পর মামলার ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পৌঁছায় এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হাইকোর্টে জেল আপিল দায়ের করেন। আজ সেই আপিলেরই শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/পিআরএএন