সারা বাংলা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, জড়িত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামানকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে মেহেদী (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (১৬ নভেম্বর) সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য সুরুজামান (৩৫)। তিনি ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, মেয়েকে সঙ্গে নিয়ে জুতা কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সুরুজামানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সন্ধ্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেন।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে আজ ভোর ৪টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গণপিটুনিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যা ও গণপিটুনিতে মেহেদীর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। উভয় ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন