ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

জাতীয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫০ মিনিট আগে

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

 

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার জন্য ‘মোকামতলা থানা’ স্থাপন করা হবে। এছাড়া ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন দুই পৌরসভার মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর পৌরসভা’।

সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপন করা হবে।

 

উল্লেখ্য, নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন