সারা বাংলা
ঝালকাঠিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ও ক্লুলেস সুখি বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. হাসান হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
শনিবার (১৫ নভেম্বর ২০২৬) বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে। রোববার (১৬ নভেম্বর) এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার ও এসআরবি-৮ সূত্রে জানা যায়, নিহত মোসা. সুখি বেগমের (৪৫) স্বামী মো. মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সুখি বেগমের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ওয়ার্ডরোবের ড্রয়ারে রাখা গরু বিক্রির নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করলে সুখি বেগম দুষ্কৃতকারীকে চিনে ফেলেন। ফলে ধরা পড়ার ভয়ে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত প্রধান আসামি মো. হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন