সারা বাংলা
চাঁদপুরে ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবসে নাগরিক ভোগান্তি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে সরকারি কর্মদিবসে নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তিনি সপ্তাহের শুক্র ও শনিবার ছুটির দিনে পরিষদে এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে আবার ঢাকায় ফিরে যান। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তিতে পড়ছেন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
পরিষদের কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, চেয়ারম্যান সাধারণত শুক্র ও শনিবার কার্যালয়ে আসেন। এ সময় প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ও কাগজপত্রে স্বাক্ষর করে চলে যান। ফলে সরকারি কর্মদিবসে পরিষদে এসে অনেক সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন না করেই ফিরে যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া পরিষদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। বিশেষ করে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা ব্যক্তিদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। জরুরি প্রয়োজনেও নির্ধারিত সময়ে সেবা পাওয়া যাচ্ছে না।
এদিকে জন্মনিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য পরিষদে আসেন জাকিয়া আক্তার ও সেলিনা রহমান নামে দুই নারী। তারা জানান, প্রয়োজনীয় আবেদন জমা দিলেও চেয়ারম্যানের স্বাক্ষরের অভাবে তাদের কাজ সম্পন্ন হচ্ছে না। জরুরি প্রয়োজন থাকলেও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এ ছাড়া পরিষদের আশপাশে আরও কয়েকজনকে বিভিন্ন সেবা নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়ায় আজমল হোসেন চৌধুরী অধিকাংশ সময় পরিষদে আসেন না। তাদের দাবি, চেয়ারম্যানের ভাই মো. মশিউর রহমান চৌধুরীও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলামুন্নবী খোকন বলেন, চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। তিনি ছুটির দিনে এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী জানান, এক বছর আগে তিনি এ পরিষদে যোগদান করেছেন। পরিষদ এলাকায় ভাড়া বাসায় থেকে নিয়মিত নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না। সরকারি ছুটির দিনে চেয়ারম্যান আসায় বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের তার স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাপ্তাহিক ছুটির দিনে পরিষদে আসার বিষয়টি স্বীকার করেন। এ সময় ঢাকায় অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, ছুটির দিনে পরিষদে আসবেন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না- এমন তথ্য প্রশাসনের কাছে এসেছে। বিষয়টি যাচাই করতে কয়েক দিন আগে পূর্বঘোষণা ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি প্রশাসনকে কেন জানানো হয়নি, সে বিষয়ে পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে জবাব চাওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, পরপর তিন মাসের মাসিক সভায় চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন- এমন তথ্য উল্লেখ করে লিখিত প্রতিবেদন দিতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনভোগান্তি নিরসনে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।
ডিবিসি/আরএসএল