আন্তর্জাতিক, পাকিস্তান
‘হয়তো আর জীবিত ফিরব না’: চিকিৎসার জন্য বিচারপতিদের কাছে ইমরান খানের চিঠি

কারাগারে শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে নিজের ও স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে আবেদন জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসা না পেলে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।
ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। এতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে ইমরান তার দুরবস্থার বিবরণ দেন।
৭৪ বছর বয়সী ইমরান জানান, দীর্ঘদিন নির্জন কারাবাসে থাকায় তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়েছে। ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। গত ১০ নভেম্বর তার রক্তচাপের উচ্চমাত্রা ১৯২ থেকে ১৯৩ পর্যন্ত পৌঁছায়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও দাবি তার।
স্ত্রী বুশরা বিবির অবস্থাও উদ্বেগজনক বলে জানান ইমরান। গত এপ্রিলে চোখে অস্ত্রোপচারের পরও তার দৃষ্টিশক্তি আরও কমেছে। দ্রুত পুনরায় অস্ত্রোপচার না হলে স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইমরানের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।
চিঠিতে তিনি বলেন, ‘আমি কোনো বিশেষ সুবিধা চাই না। শুধু আদালতের নির্দেশ বাস্তবায়ন ও যথাযথ চিকিৎসা চাই। বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরানের এই আবেদনে গভীর উদ্বেগ জানিয়েছেন তার দুই ছেলে।
সূত্র: ডন
ডিবিসি/এসএফএল