অপরাধ
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি (অনলাইনে) যুক্ত রেখে বিচারিক কার্যক্রম পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য কোনো আসামি অসংযত আচরণ, অসহযোগিতা কিংবা বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে তার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, সোমবার সকালে অসুস্থতার কথা বলে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান জিয়াউল আহসান। পরে নানা অজুহাতে পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন। এতে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তাঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে সশরীরে হাজির হতে না পারলে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনেও অডিও-ভিডিও বা ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার বিধান রয়েছে।
এর আগে গত ১২ নভেম্বরও শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানের আচরণের কারণে বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ তুলেছিলেন চিফ প্রসিকিউটর। সেদিনও তাকে ভার্চ্যুয়ালি যুক্ত রেখে বিচার পরিচালনার বিষয়টি বিবেচনার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুরোধ জানানো হয়।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকি ৩০ জন পলাতক। সোমবার গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় জিয়াউল আহসানকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে আনা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। সোমবার আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হলেও তা শেষ হয়নি। ফলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যার অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিবরণ তুলে ধরা হয়েছে।
ডিবিসি/আরএসএল