ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সন্তান না হওয়ায় ভাঙল ইতির সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

সন্তান না হওয়ায় ভাঙল ইতির সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

সারা বাংলা

সন্তান না হওয়ায় ভাঙল ইতির সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সংসার বাঁচাতে একসময় স্বামীর পা ধরে কেঁদেছিলেন, চেয়েছিলেন আরও ছয় মাস সময়। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সাত বছরের দাম্পত্য জীবন। সন্তান না হওয়াকে কেন্দ্র করে ভেঙে যায় সংসার। বিচ্ছেদের পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেলেও নতুন করে সংসার গড়ার চেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বরিশালের হিজলা উপজেলার ইতি আক্তার। এখন তার একটাই চাওয়া, একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগ।

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা ইতি আক্তার। সাত বছর আগে ভালোবাসা ও নানা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার দাম্পত্য জীবন। তবে সন্তান না হওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে স্বামীর পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়।

 

ইতির অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে তাকে। একপর্যায়ে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।

 

সংসার টিকিয়ে রাখতে শেষবারের মতো স্বামী রনি খানের কাছে ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদে সংসার না ভাঙার আকুতিও জানিয়েছিলেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামীর। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে ইতি জানান, অতীতের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। বর্তমানে নতুন করে বিয়ে নয়, বরং একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

 

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সামর্থ্যের প্রায় সবটুকুই ব্যয় করেছেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের আশায় জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদার পূরণেও কার্পণ্য করেননি তিনি।

 

মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি এই বাবা। কিন্তু এত চেষ্টার পরও মেয়ের সংসার টিকিয়ে রাখতে না পারায় এখন তার একটাই প্রত্যাশা, ইতি যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারেন।

 

ইতি আক্তার জানান, সংসার ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে দেশ-বিদেশ থেকে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব নিয়ে ফোন আসছে।

 

তবে এত প্রস্তাবের পরও আপাতত নতুন করে সংসার গড়তে চান না ইতি। অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় চান তিনি। ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টি মেনে নেবেন। এ নিয়ে কোনো ধরনের মানসিক চাপ, অপমান কিংবা কটুকথার মুখোমুখি হতে চান না তিনি।

 

ইতির কাছে এখন সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজে নিতে চান তিনি। কাজের মাধ্যমে নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এই তরুণী। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা- কোনো কিছুই বাদ দেননি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।

 

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

 

সাত বছরের সংসার ভেঙে যাওয়ার পর তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেলেও নতুন সম্পর্কের চেয়ে আত্মনির্ভরশীল হওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন ইতি। একটি কর্মসংস্থানের সুযোগ পেলে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবেন বলে আশা করছেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন