ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

কিশোরগঞ্জে মাদকের প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় যুবক কারাগারে

কিশোরগঞ্জে মাদকের প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় যুবক কারাগারে

সারা বাংলা, অপরাধ

কিশোরগঞ্জে মাদকের প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় যুবক কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ মামলায় তোফায়েল খাঁ (২৮) নামের ওই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম তোয়াব বিষয়টি নিশ্চিত করেছেন। তোফায়েল খাঁ অষ্টগ্রাম সদর ইউনিয়নের খান ঠাকুর দীঘিরপাড় এলাকার সজিল খাঁর ছেলে। মামলার বাদী ওয়াসিম মিয়াও একই এলাকার মৃত শাহ হোসেনের ছেলে।

 

জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই দিন মামলার বাদী ওয়াসিম, ইমন (২০) ও আরেক যুবক একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছিলেন। সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় লোকজন ধাওয়া দিলে ওয়াসিমসহ দুজন পালিয়ে যান এবং ইমন আটক হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনার পরদিন ওয়াসিম মিয়া আদালতে মামলা দায়ের করেন। এতে তোফায়েল খাঁ, জামান মিয়া ও মুসা মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। এজাহারে ওয়াসিম দাবি করেন, জমিজমা ও বসতবাড়িসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা তার পথরোধ করে দুই লাখ টাকা মূল্যের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

 

তবে তোফায়েলের বাবা সজিল খাঁ ও চাচাতো ভাই সোহেল রানার অভিযোগ, মামলার অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই ওয়াসিম এই বানোয়াট মামলা সাজিয়েছেন। তারা জানান, একজন চিহ্নিত মাদক কারবারির এমন হয়রানিমূলক মামলার কারণে সাধারণ মানুষ মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে নিরুৎসাহিত হবে। তারা মামলাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

 

অন্যদিকে, বাদী ওয়াসিম মিয়ার দাবি, জমিজমা ও স্থানীয় বিরোধের জেরেই তার মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়। তোফায়েলের জামিন নামঞ্জুর হওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। নিজের বিরুদ্ধে থাকা একাধিক মাদক মামলার বিষয়ে তিনি বলেন, দুটিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকিগুলো প্রতিহিংসার শিকার।

 

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘আমি এই থানায় যোগদানের আগেই মামলাটি আদালতে দায়ের করা হয়েছিল। মামলার বাদী ওয়াসিমের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। আমি নিজেই তাকে একাধিকবার গ্রেপ্তার করেছি।’

 

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন ওসি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন