ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নোয়াখালীতে ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নোয়াখালীতে ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

সারা বাংলা

নোয়াখালীতে ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩০ মিনিট আগে

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলায় বিবি মরিয়ম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দাফনের ১৬২ দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার সওদাগর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর উপস্থিতিতে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়।

 

এর আগে, নিহতের বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা দায়ের করেন। মামলায় মরিয়মের স্বামী মো. ইয়াকুব আলী, শ্বশুর মো. হানিফ, শাশুড়ি লাইলী বেগম এবং লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ হোসেন, ম্যানেজার আরিফ ও নার্স তাসলিমাসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মরিয়মকে চিকিৎসার জন্য গত ২২ মে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন সেটি করেননি। পরে গত ৭ জুন বেলা ১১টার দিকে প্রসবের জন্য তাঁকে উপজেলার লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় অবহেলা ও অপচিকিৎসায় তাঁর গর্ভপাত ঘটে। এরপর ওই দিন রাতে মরিয়মের পরিবারের সদস্যদের না জানিয়েই অ্যাম্বুলেন্সে করে তাঁকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৮ জুন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মরিয়ম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

নিহতের বাবা জামাল উদ্দিন অভিযোগ করেন, যৌতুকের দাবিতে মরিয়মকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করত। অন্তঃসত্ত্বা অবস্থায়ও তাঁকে মারধর করা হয়। তিনি দাবি করেন, ধারাবাহিক নির্যাতন ও চিকিৎসায় চরম অবহেলার কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

 

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুলাই মামলার শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ফারজানা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

 

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন