আন্তর্জাতিক, আরব
‘আমরা তোমাদের খুঁজে বের করব’: দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান শেষে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়ান্স দেশে ফেরার দিনই জাহাজটির দুই শীর্ষ কর্মকর্তাকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
গত ১৩ নভেম্বর দেওয়া ওই পোস্টে যুদ্ধজাহাজটির কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর. টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই. ইয়র্কের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়।
এর আগে ২৮ মার্চ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার অভিযোগ তুলে ওই দুই কর্মকর্তাকে দায়ী করেছিল ইরানি দূতাবাস। তবে তাঁদের ব্যক্তিগত দায়ের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের এমন হুমকিতে ওয়াশিংটনের সতর্ক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ গবেষক বেহনাম তালেবলু। তাঁর মতে, মার্কিন সামরিক কর্মকর্তাদের প্রকাশ্যে চিহ্নিত করে প্রতিশোধের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
নিরাপত্তা হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সুরক্ষিত আবাসনে আশ্রয় নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ৩৫৭ দিনের ঐতিহাসিক সামরিক অভিযান শেষে ১৩ নভেম্বর সান দিয়েগোতে ফিরেছে ইউএসএস স্প্রুয়ান্স। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধজাহাজটি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ১২টি ড্রোন ও চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ইরানের হুমকি ও পাল্টা মার্কিন সতর্কবার্তায় দুই দেশের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: ফক্স নিউজ
ডিবিসি/এসএফএল