ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নিলামে উঠছে ১১৪ বছর আগের টাইটানিক দেখার বিরল টিকিট

নিলামে উঠছে ১১৪ বছর আগের টাইটানিক দেখার বিরল টিকিট

আন্তর্জাতিক

নিলামে উঠছে ১১৪ বছর আগের টাইটানিক দেখার বিরল টিকিট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন বন্দর থেকে শুরু হয়েছিল টাইটানিকের প্রথম ও শেষ ঐতিহাসিক যাত্রা। সেই যাত্রার সাক্ষী হতে এবং প্রিয় সন্তানকে বিদায় জানাতে ব্যবহৃত একটি বিরল টিকিট এবার নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ঐতিহাসিক এই টিকিটটির দাম ৫০ হাজার পাউন্ড বা প্রায় ৮২ লাখ ১৩ হাজার ৯৮০ টাকা পর্যন্ত উঠতে পারে।

আগামী শনিবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরে হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করেছে।

 

জানা যায়, এলিজা ডিবডেন নামের এক নারী এই টিকিটটি ব্যবহার করে টাইটানিক দেখতে গিয়েছিলেন। সেদিন তার ১৮ বছর বয়সী ছেলে উইলিয়ামও ওই জাহাজে উঠেছিলেন। উইলিয়াম তার চাচাতো ভাই অ্যামব্রোস হুডসহ আরও কয়েকজন তরুণের সঙ্গে ভ্রমণ করছিলেন। কিন্তু ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেলে যে ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে উইলিয়ামও ছিলেন। তার মরদেহ উদ্ধার হলেও তা কখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ব্র্যামশোর সেন্ট পিটার্স চার্চে মা-বাবার সমাধিফলকে তার স্মৃতি সংরক্ষিত রয়েছে।

 

কার্ডটিতে হোয়াইট স্টার লাইনের পতাকা এবং ‘সেকেন্ড ক্লাস’ সিল দেয়া রয়েছে। এতে তারিখ হিসেবে লেখা আছে ১০ এপ্রিল ১৯১২। জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে টিকিটে লেখা আছে, ‘মি. ট্যালবট ও তার দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।’ এর পেছনে হাতে লেখা একটি নোটে উল্লেখ রয়েছে, ‘মিসেস ডিবডেন ও তার দুই বোন’।

 

নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা অ্যান্ড্রু অ্যালড্রিজ টিকিটটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘গত ২৫ বছরের মধ্যে এই ধরনের কার্ড এটিই প্রথম আমাদের চোখে পড়েছে। এর আগে কখনো এমন টিকিট নিলামে ওঠেনি। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে ওঠা টাইটানিক-সংশ্লিষ্ট স্মারকগুলোর মধ্যে এটি অন্যতম বিরল।’

 

নিলামের এই প্যাকেজে টিকিটটির পাশাপাশি উইলিয়ামের ১৯০৮ সালের ইস্টার উৎসবের সময় পাওয়া প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও বিক্রি করা হবে। এছাড়াও, টাইটানিকের জাহাজের কাঠামোর বিমা-সংক্রান্ত একটি হিসাবের খাতা এবং জাহাজটির জ্যেষ্ঠ বেতার অপারেটর তার প্রথম যাত্রার কয়েক দিন আগে বোনকে যে বিরল পোস্টকার্ডটি লিখেছিলেন, সেটিও নিলামে তোলা হবে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন