আন্তর্জাতিক
পেরুতে ভক্তদের ছোড়া জপমালা ধরতে গিয়ে চোখে আঘাত পেলেন পোপ লিও

পেরুতে জনতার ভিড় থেকে ছুড়ে দেওয়া উপহার নিপুণভাবে লুফে নেওয়ার ক্ষেত্রে পোপ লিওর দারুণ খ্যাতি রয়েছে। তবে সোমবার (১৬ নভেম্বর) সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। পেরুতে এক বিদায়ী প্রার্থনায় যোগ দিতে যাওয়ার সময় ভিড় থেকে তার দিকে ছুড়ে দেওয়া একটি বস্তু, যা দৃশ্যত একটি জপমালা (রোজারি) ছিল, সরাসরি তার চোখের কাছে আঘাত করে।
দক্ষিণ আমেরিকায় ১২ দিনের সফর শেষ করছেন পোপ লিও। সফরে তিনি জনতার ছুড়ে দেওয়া পুতুল, পতাকা এমনকি রোমের সেন্ট পিটার্স স্কয়ারে দর্শনার্থীদের দেওয়া পিৎজাও লুফে নিয়ে প্রশংসিত হয়েছেন।
কিন্তু সোমবার লিমার একটি বিমানঘাঁটিতে রোমে ফেরার আগে বিশাল জনতার ভিড় থেকে ছুড়ে দেওয়া বস্তুটি পোপমোবাইলে (পোপের গাড়ি) থাকা অবস্থায় তিনি ধরতে ব্যর্থ হন। ছবি ও ভিডিওতে দেখা যায়, বস্তুটি তার দিকে আসার পরপরই পোপ চোখ ঘষছেন। ধারণা করা হচ্ছে বস্তুটি একটি জপমালা ছিল, যা সাধারণত পুণ্যার্থীরা পোপের আশীর্বাদ পাওয়ার জন্য তার দিকে ছুড়ে দিয়ে থাকেন।
চোখে আঘাত লাগলেও পোপ তার সফর অব্যাহত রাখেন এবং তার গুরুতর আহত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। নিজের ভাষণে তিনি পেরুর জনগণকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। দেশটিতে তিনি ছয় দিন অবস্থান করেছেন এবং পেরুকে নিজের 'মাতৃভূমি' বলে উল্লেখ করেছেন।
৭১ বছর বয়সী পোপ লিও একজন টেনিস খেলোয়াড় এবং এই বয়সেও তিনি বেশ ক্ষিপ্র। তবে এর আগেও তার এমন লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। রোমের একটি পূর্ববর্তী অনুষ্ঠানে তার দিকে ছুড়ে দেওয়া একটি বস্তু ধরতে গিয়ে তিনি পোপমোবাইলের পেছনে থাকা ভ্যাটিকানের একজন ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে বসেন। পরে এর জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। সেদিনও তিনি ক্যাচটি ধরতে ব্যর্থ হয়েছিলেন।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এমএনকে