ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জের মধুমতি নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল ঘড়িয়ালের বাচ্চা

গোপালগঞ্জের মধুমতি নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল ঘড়িয়ালের বাচ্চা

সারা বাংলা

গোপালগঞ্জের মধুমতি নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল ঘড়িয়ালের বাচ্চা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ঘড়িয়ালের (মেছো কুমির) বাচ্চা। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া এলাকার জেলে শিমুল বিশ্বাস প্রতিদিনের মতোই মধুমতি নদীতে ইলিশ ধরতে জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই তিনি বিস্মিত হয়ে যান। দেখতে পান, ইলিশ মাছের সঙ্গে জালে আটকা পড়েছে ছোট একটি ঘড়িয়ালের বাচ্চা। নদীতে ঘড়িয়ালের বাচ্চা ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে একনজর দেখতে নদীর পাড়ে ভিড় জমায়।

 

জালে আটকে পড়া ঘড়িয়ালটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং এটি যথাযথভাবে সংরক্ষণের জন্য ইতিমধ্যেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন, বন্যপ্রাণীটির সুরক্ষায় দ্রুত বন বিভাগের পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

 

জীববৈচিত্র্য সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, ঘড়িয়াল (Gavialis gangeticus) মিঠাপানির নদীতে বসবাসকারী অত্যন্ত বিরল ও বিপন্ন প্রজাতির একটি কুমিরজাতীয় সরীসৃপ। স্থানীয় মানুষের কাছে এটি মেছো কুমির, ঘট কুমির বা বাইশাল নামে পরিচিত। সাধারণ কুমিরের তুলনায় এদের মুখ ও চোয়াল বেশ লম্বা এবং সরু হয়ে থাকে, যা পানির নিচে দ্রুতগতিতে মাছ শিকারের জন্য বিশেষভাবে উপযোগী।

 

ঘড়িয়াল সাধারণত মাছ খেয়েই বেঁচে থাকে এবং স্বভাবগতভাবে এরা মানুষের জন্য মোটেও আক্রমণাত্মক নয়। বিশেষজ্ঞরা বলছেন, নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ঘড়িয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বর্তমানে নদীদূষণ, আবাসস্থল সংকট এবং মাছ ধরার জালে আটকে পড়ার মতো মানবসৃষ্ট নানা কারণে এই প্রজাতিটি আজ হুমকির মুখে।

 

বন্যপ্রাণী হওয়ায় ঘড়িয়াল ধরা, বিরক্ত করা বা আঘাত করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে, উদ্ধার হওয়া ঘড়িয়ালের বাচ্চাটির যথাযথ পরিচর্যা নিশ্চিত করে সেটিকে দ্রুত নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন