সারা বাংলা
পিরোজপুরে ডিগ্রি ছাড়াই চোখের চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৈধ কোনো ডিগ্রি ছাড়াই চোখের মতো সংবেদনশীল অঙ্গের চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. নাঈমুর রহমান (২৬) নামের এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের ওই প্রতিষ্ঠানের সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রিজার্ভ পুকুর পাড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বনি আমিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। চিকিৎসকদের বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক দাবি করেন, ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনে রোগী দেখেন।
তবে তার দাবির সত্যতা যাচাই করতে ক্লিনিক থেকে সেবা নেওয়া এক রোগীকে ফোন দেওয়া হলে থলের বিড়াল বেরিয়ে আসে। ওই রোগী জানান, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন, বরং চিকিৎসকের সহকারী হিসেবে পরিচয় দেওয়া নাঈমুর রহমানই তাকে সরাসরি চিকিৎসা দিয়েছেন।
বৈধ ডিগ্রি ছাড়া বেআইনিভাবে চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২ ধারা অনুযায়ী নাঈমুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে নগদ অর্থ পরিশোধ করায় তিনি কারাদণ্ড থেকে রেহাই পান।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান বলেন, ‘চোখের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর অঙ্গের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা প্রতারণা বরদাশত করা হবে না। বৈধ কাগজপত্র ছাড়া চিকিৎসা দেওয়ায় অর্থদণ্ড করার পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ডিবিসি/এমএনকে