আন্তর্জাতিক
ন্যাটোকে ভাঙতে ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন!

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর হলুখিভে এক মর্মান্তিক ঘটনায় নিজের জীবন দিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বাঁচিয়েছেন মিকোলা সাভচেঙ্কো নামের এক পুলিশ কর্মকর্তা। রুশ ড্রোন হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওই শিশু ও তার দাদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার পথে দ্বিতীয়বার ড্রোনের আঘাতে প্রাণ হারান তিনি। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঠিক মুহূর্তে ওই পুলিশ কর্মকর্তা নিজের শরীরকে ঢাল বানিয়ে শিশুটিকে রক্ষা করেছিলেন। একই লক্ষ্যবস্তুতে পরপর এমন হামলা এখন ইউক্রেনে প্রায় প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর প্রেক্ষাপটে সংঘাত নিরসনে গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে ইউক্রেন বর্তমান সম্মুখসারিতে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও মস্কো তা মানতে রাজি হয়নি। উল্টো রুশ কূটনীতিকেরা এমন সব কঠিন শর্ত জুড়ে দিয়েছেন, যা কিয়েভের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব।
ফাঁস হওয়া গোপন নথির বরাত দিয়ে বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়া এখন শুধু ইউক্রেন নয়, বরং পুরো ইউরোপ ও ন্যাটো জোটের নিরাপত্তাব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। মস্কোর দাবি, মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটোকে সেনা প্রত্যাহার করতে হবে এবং জোটের আকার আর না বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে। এর পাশাপাশি ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাদাভাবে ‘অনাগ্রাসন চুক্তি’ করার কৌশল নিয়েছে রাশিয়া, যার মূল উদ্দেশ্য হলো ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষানীতিকে অকার্যকর করে দেওয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বরিস বোন্দারেভের মতে, এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে ন্যাটো কার্যত ভেঙে পড়বে। তিনি সতর্ক করে বলেন, এর ফলে কোনো গুলি খরচ না করেই ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে এবং সম্মিলিত প্রতিরোধের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। জানা গেছে, রাশিয়ার এই সুদূরপ্রসারী শর্তগুলো কেবল মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে উপস্থাপন করা হয়েছে, ইউরোপীয় নেতাদের কাছে নয়।
রাশিয়ার এসব দাবিকে পুরোপুরি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মন্তব্য করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অন্য এক বাস্তবতায় বাস করেন’। অন্যদিকে, আবুধাবি বৈঠকে অংশ নেওয়া ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়া জানিয়েছেন, রুশ প্রতিনিধিরা অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে আসায় আলোচনা চরম জটিল আকার ধারণ করেছিল এবং কাঙ্ক্ষিত অগ্রগতি অসম্ভব হয়ে পড়েছিল।
বিশ্লেষকদের ধারণা, মস্কো ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে যাতে ইউরোপের রাজনৈতিক পালাবদলের সুযোগ নেওয়া যায়। ফ্রান্সের আসন্ন নির্বাচনে ডানপন্থী নেত্রী মারিন লো পেন এবং জার্মানিতে এএফডি দলের জয়ের সম্ভাবনা ইউক্রেনের জন্য বড় সামরিক ও অর্থনৈতিক হুমকি তৈরি করেছে। এই দলগুলো ক্ষমতায় এলে ইউক্রেনে সহায়তা বন্ধ এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা কিয়েভের টিকে থাকার লড়াইকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
ডিবিসি/এফএইচআর