জাতীয়
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন রাজপথে থাকা এই মহান নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে শরাফত আলী খান ও মোসাম্মৎ মজিরন বিবির ঘরে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতের দেওবন্দে পড়াশোনা শেষে টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তবে খুব দ্রুতই তিনি কৃষক-শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশ আমলে আসামে জমিদারি প্রথার বিরুদ্ধে এবং কৃষকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় তিনি শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। আসামের ধুবড়ীর ভাসানচরে কৃষক আন্দোলনে অসামান্য ভূমিকার কারণেই তার নামের শেষে ‘ভাসানী’ উপাধি যুক্ত হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণ বিরোধী সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেও তার ছিল অসামান্য অবদান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং ভারতে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করেন।
স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহির দাবিতে তিনি রাজপথ ছাড়েননি। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন এবং জীবনের শেষ প্রান্তে এসে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চ তার আপসহীন চরিত্রের অন্যতম দৃষ্টান্ত। ক্ষমতার মোহ ত্যাগ করে মানুষের অধিকার ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় অনুসারীদের কাছে তিনি ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
মহান এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাজার প্রাঙ্গণে ১১ নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলার আজ শেষ দিনে ভক্ত ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটছে। অর্ধশতাব্দী আগে তার জীবনাবসান ঘটলেও শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে মওলানা ভাসানীর আদর্শ ও রাজনৈতিক দর্শন বাংলাদেশের ইতিহাসে আজও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
ডিবিসি/পিআরএএন