সারা বাংলা
সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো আজ সকালেও ফজরের নামাজ আদায় শেষে তারা মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
নিহত দুজন হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। এদের মধ্যে আব্দুল আলীম পেশায় সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে মহাসড়ক দিয়ে হাঁটার সময় দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে এবং মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/পিআরএএন