রাজনীতি
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে এসআরবি তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা পাচারের অভিযোগে একটি মামলার অনুমোদন দেয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি অস্বাভাবিক লেনদেনের কারণে সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। সে সময় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং এসব হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।
দুর্নীতি ও অর্থ পাচারের এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এর আগেই সাঈদ খোকন এবং তার মা, স্ত্রী ও ভাইয়ের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছিলেন আদালত। আজ সকালে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এসব অভিযোগ ও মামলার আইনি কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।
ডিবিসি/পিআরএএন