ডিবিসি নিউজdbcnews.tv

কৃষি

টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিশ্চিতে বিজ্ঞান, সেবা ও বাজারের সমন্বয়ের তাগিদ

টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিশ্চিতে বিজ্ঞান, সেবা ও বাজারের সমন্বয়ের তাগিদ

কৃষি

টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিশ্চিতে বিজ্ঞান, সেবা ও বাজারের সমন্বয়ের তাগিদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই নভেম্বর ২০২৬ ০২:০৩:০৫ অপরাহ্ন

বাংলাদেশের কৃষকের আয় বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে বিজ্ঞান, সেবা ও বাজারের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) আয়োজিত ‘টেকসই ও সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য উদীয়মান চাহিদা এবং কৌশলগত বিনিয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় পরামর্শ সভার সমাপনী দিনে এই তাগিদ দেওয়া হয়। প্রযুক্তিকে কৃষকের জন্য সহজলভ্য, ব্যবহারোপযোগী এবং লাভজনক করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।

 

সোমবার সভার দ্বিতীয় ও শেষ দিনে গবেষক, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা কৃষকের প্রয়োজনীয় সেবা, বাজার, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে গবেষণার সংযোগ ঘটানোর উপায় নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা, ক্ষুদ্র কৃষকদের যান্ত্রিকীকরণ, নিরাপদ ফসল ভ্যালু চেইন এবং কৃষিতে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রযুক্তি যেন নারী কৃষকসহ সবার কাছে সহজে পৌঁছায় এবং উৎপাদনের সঙ্গে সংরক্ষণ ও বাজার তথ্যের যেন সঠিক সংযোগ ঘটে, সে বিষয়েও বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

 

মাটির স্বাস্থ্য ও টেকসই চাষাবাদ বিষয়ক অধিবেশনে বিএআরসি-র সদস্য পরিচালক ড. মো. হারুনুর রশীদের সভাপতিত্বে সিমিট ইন্ডিয়ার বিশেষজ্ঞ ড. অ্যালিসন লেইং ভুট্টার সারি ঠিক রেখে সাথী ফসল হিসেবে সবজি ও ডালজাতীয় ফসল চাষের সফলতা তুলে ধরেন। এতে কৃষকের বাড়তি আয় ও পুষ্টি নিশ্চিত হয় বলে তিনি জানান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফসার আলী এবং নাফকো গ্রুপের চেয়ারম্যান এম এম হুদা মাটির ধরন অনুযায়ী ফসল নির্বাচন ও সুষম সার ব্যবহারের ওপর জোর দেন। এ ছাড়া ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার যন্ত্র কৃষকের হাতে দেওয়ার আগে ল্যাবরেটরির মানদণ্ডে তা যাচাই করার আহ্বান জানানো হয়।

 

ক্ষুদ্র কৃষকদের যান্ত্রিকীকরণ বিষয়ক অধিবেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহার সভাপতিত্বে বক্তারা জানান, কৃষকদের ব্যক্তিগতভাবে কৃষিযন্ত্র কেনার চেয়ে ভাড়ায় সেবা প্রদানকারী উদ্যোক্তা তৈরি করা অনেক বেশি সাশ্রয়ী। বারি-র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আরশাদুল হক এবং এসিআই মোটরস লিমিটেডের বিজনেস ম্যানেজার ইয়াসির ইবনে আসাব দেশে কৃষিযন্ত্রের নকশা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিক সংকটের বর্তমান প্রেক্ষাপটে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

ফসল ভ্যালু চেইন, বাজার ও বিনিয়োগ নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ প্রদান, উন্নত বীজ ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। ড. মো. রাশিদুল ইসলাম, ড. মোহাম্মদ শোয়েব এবং ড. মোহাম্মদ রাজু আহমেদ খাদ্য নিরাপত্তা, আফলাটক্সিন দূষণ রোধ এবং কৃষি উদ্যোক্তা তৈরির নানা দিক নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, ড্রোন, এআই ও ডিজিটাল সেবাবিষয়ক আলোচনায় কৃষিতে রোগবালাই শনাক্তকরণ ও নির্দিষ্ট স্থানে বালাইনাশক প্রয়োগে ক্ষুদ্র কৃষকদের জন্য ব্যক্তিগত মালিকানার বদলে যৌথ ড্রোন সেবার প্রস্তাব দেওয়া হয়। সিমিট বাংলাদেশের ড. টি. এস. আমজাথ-বাবু বাংলায় কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (Conversational AI) প্রযুক্তির ধারণা তুলে ধরেন, যার মাধ্যমে কৃষকরা স্মার্টফোন ছাড়াই সাধারণ ফোনে কল করে সরাসরি কৃষি পরামর্শ পেতে সক্ষম হবেন।

 

সমাপনী বক্তব্যে সিমিটের প্রোগ্রাম পরিচালক স্টিফেন গুডজ স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী প্রযুক্তির অভিযোজন ও সব অংশীদারের যৌথ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। সবশেষে সিমিট বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দ্যুতিমান চৌধুরী সভার সুপারিশগুলো বাস্তবায়নে সিমিটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দিনব্যাপী এই জাতীয় পরামর্শ সভার সমাপ্তি ঘোষণা করেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন