সারা বাংলা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার জব্দ

পাবনার সাঁথিয়া উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে গানপাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এ সময় কক্ষটি থেকে অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। বর্তমানে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দুর্বৃত্তরা জেলায় বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতেই আজ ভোরে রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্বৃত্তরা ওই স্কুলটিতে বসে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা করেছিল। তবে এসআরবির অভিযানের খবর পেয়ে তারা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ককটেলসদৃশ বস্তুগুলো সম্পর্কে কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, এগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতোমধ্যেই রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওই কক্ষ ও এর আশপাশের এলাকায় সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করে পুরো এলাকা কড়া পাহারায় রেখেছে এসআরবি।
ডিবিসি/পিআরএএন