বিবিধ
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর শিরোপা জিতল লেগ্যাসি ইউনাইটেড

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২’-এর শিরোপা জিতেছে ব্যবসায় প্রশাসন বিভাগের লেগ্যাসি ইউনাইটেড। রবিবার রাজধানীর পূর্বাচলের ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্সকে ২–০ গোলে পরাজিত করে দলটি।
ছয় দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে সেমিফাইনালের লড়াই পেরিয়ে ফাইনালে ওঠে লেগ্যাসি ইউনাইটেড ও বাইনারি ব্লাস্টার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয় লেগ্যাসি ইউনাইটেড।
টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হন ব্যবসায় প্রশাসন বিভাগের শাওন। একই বিভাগের আমিনুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানিম।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ, স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক এবং ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. কাদের নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত দক্ষতা অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম বলেন, শ্রেণিকক্ষের পাশাপাশি খেলার মাঠও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, সহযোগিতা ও জয়-পরাজয় ইতিবাচকভাবে গ্রহণের শিক্ষা দেয়।
উল্লেখ্য, এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আইন ও ইংরেজি বিভাগের ছয়টি দল অংশ নেয়।
ডিবিসি/এসএফএল