আন্তর্জাতিক, ভারত
ভারতের উত্তরাখণ্ডে গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ৮

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে গভীর খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিশ্বনাথ সেবা পরিবহনের বাসটি রাত সাড়ে তিনটার দিকে হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় এক ঘণ্টা পর বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানানো হয়, ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত একজনকে ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে অতিরিক্ত উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরাও অভিযানে যোগ দেন। আহত ২৬ জনকে উদ্ধার করে ঋষিকেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী, আহত ব্যক্তিরা ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, আসাম, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের মধ্যে তিন বছরের এক শিশু ও ৬৪ বছরের এক নারী রয়েছেন। পরিচয় শনাক্ত না হওয়া এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, সোমবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পৃথক দুর্ঘটনায় একটি বোলেরো গাড়ি প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে চারজন নিহত ও ছয়জন আহত হন। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
পাহাড়ি দুর্গম এলাকায় অন্ধকারের মধ্যেই উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ডিবিসি/এসএফএল