আন্তর্জাতিক, আরব
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, প্রতিহতের দাবি

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের চালানো একাধিক আকাশপথের হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলার অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে।
তবে কতটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার অনুপ্রবেশের প্রতিশোধ হিসেবে এ অভিযান পরিচালনার দাবি করেছে তারা।
এর আগে রবিবার বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানোর দাবি করে আইআরজিসি। শুক্রবারও মার্কিন আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলার দাবি জানায় সংস্থাটি। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই স্থাপনায় আঘাতের দাবি অস্বীকার করে জানায়, দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। ফলে দেশটি চলমান আঞ্চলিক উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সংঘাত ছড়িয়ে পড়ে। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে তা কার্যকর হয়নি। জুলাই থেকে বিরতিহীন কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও দুই পক্ষের সংঘাত মাঝেমধ্যে নতুন করে তীব্র হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল