রাজনীতি
সংসদ থেকে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। নির্বাচিত হওয়ার পর করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব নিলেও শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যান। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে দীর্ঘদিন বিএনপির সঙ্গে কাজ করেছেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই প্রবীণ রাজনীতিক।
ডিবিসি/আরএসএল