আন্তর্জাতিক, অন্যান্য
চেক প্রজাতন্ত্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, গুরুতর আহত অনেকে

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের প্রধান রেলস্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং কারও কারও জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
চেক বার্তা সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মী ও জরুরি চিকিৎসাসেবার সদস্যরা। তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি থেকে সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
প্রাগের জরুরি সেবা বিভাগের মুখপাত্র কারেল কির্স জানান, সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত সবাইকে চিকিৎসার জন্য প্রাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির পরিবহনমন্ত্রী ইভান বেদনারিক এ ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা।
দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান পরিবহনমন্ত্রী। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, দুর্ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রেলওয়ে পরিদর্শন বিভাগ তদন্ত শুরু করেছে।
এদিকে সংঘর্ষের পর সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কয়েক ডজন ট্রেনের যাত্রাসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেল যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
দূরপাল্লার ট্রেনগুলোকে প্রাগের বিকল্প রেলস্টেশনে পাঠানো হচ্ছে। ফলে রাজধানীর রেল যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল