বাংলাদেশ
৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আনছে সরকার
.webp)
সারাদেশে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস (ইভি) আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার জন্য বরাদ্দ থাকবে ২০০টি বাস এবং বাকি ৮০০টি বাস চলবে ঢাকার বাইরের বিভিন্ন রুটে। প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বায়ুদূষণ হ্রাস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান।
সচিব জানান, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৈদ্যুতিক বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকায় পর্যাপ্ত কারিগরি সুবিধা ও জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের।
পরিকল্পনা অনুযায়ী, নতুন বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের (পিংক বাস), যা শুধুমাত্র নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে, ৫০টি লাল রঙের সাধারণ সার্ভিসের বাসে নারী ও পুরুষ উভয় যাত্রীই চলাচল করতে পারবেন। বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে-নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ লাল বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। বাসের অভ্যন্তরীণ বিন্যাসের ওপর ভিত্তি করে পরবর্তীতে আসনসংখ্যা চূড়ান্ত করা হবে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন রুটে নারী চালক পরিচালিত পিংক বাস চালু হয়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই সেবাকে আরও আধুনিক করতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহনের লাইসেন্সধারী নারী চালকদের বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদি ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। খুব শিগগিরই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।
তিনি বলেন, ‘মুনাফা অর্জন নয়, বরং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই পিংক বাস সার্ভিসের মূল লক্ষ্য। নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত বাসে নারী যাত্রীরা অনেক বেশি নিরাপদ বোধ করেন। তাছাড়া বিভিন্ন জরিপে দেখা গেছে, নারী চালকরা পুরুষদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান। বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন।’
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ রোড সেফটি প্রকল্প’ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)’-এর আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহনের প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি। এই দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার দক্ষ চালক তৈরি করা হবে, যা তরুণ ও নারীদের দেশে-বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, ভারী যানবাহনের প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের বিধি অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এছাড়া ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও এই প্রশিক্ষিত নারী চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডিবিসি/এমএনকে