বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ ৩৬ ঘণ্টা পর নিলেন স্ত্রী

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তার স্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে যান তিনি।
নিহত মেহেদী নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীও একসময় ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই হামলার শিকার হন তিনি।
এ ঘটনার পর রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনের ঘটনা দেখতে গেলে উত্তেজিত জনতা মেহেদীকে আটক করে গণপিটুনি দেয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কেউ মরদেহ নিতে না আসায় তা হাসপাতালের মর্গে রাখা হয়। পরে পুলিশের সঙ্গে যোগাযোগের পর মঙ্গলবার বিকেলে মেহেদীর স্ত্রী মরদেহ গ্রহণ করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
ডিবিসি/এসএফএল