ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হচ্ছে ৫৭৮টি মোটরসাইকেল

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হচ্ছে ৫৭৮টি মোটরসাইকেল

বাংলাদেশ

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হচ্ছে ৫৭৮টি মোটরসাইকেল

বাসস

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই নভেম্বর ২০২৬ ০৬:২৬:৪২ অপরাহ্ন

মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করা হয়েছে।

উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে টিওঅ্যান্ডইভুক্ত (সাংগঠনিক কাঠামোভুক্ত) এই মোটরসাইকেলগুলো কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। 

 

অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের একক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। সেই হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কিনতে মোট ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হবে।

 

চিঠিতে উল্লেখ করা হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দিতে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম। মূলত ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায় এবং নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য এসব মোটরসাইকেল ব্যবহার করা হবে। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালন এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি করতে এ বাহনগুলো ভূমিকা রাখবে।

 

মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে। শর্তানুযায়ী, ক্রয়প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই এই ব্যয় নির্বাহ করতে হবে এবং এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। এ ছাড়া ক্রয়সংক্রান্ত যাবতীয় আর্থিক বিধি ও আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন