ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

সারা বাংলা

নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার (৫৮), যুবলীগ নেতা মো. হাসান (২৭), সামসুজ্জামান জামান (৫৬), সোহেল (৩৩) ও আব্দুল বারিক ইসলাম হৃদয় (২০)।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইরের গাবতলী এলাকার আমেনা গার্মেন্টস-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অতর্কিত হামলা চালানো হয়। অভিযুক্তরা কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শ্রমিক লীগ নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, আব্দুর সাত্তার ও মীর সোহেল আলী মীরু। 

 

এ ছাড়া এজাহারে ফরহাদ (৩৫), টিক্কা মোল্লা (৫০), মিলন (৪৫), পলাশ (৪৫), মো. সোহেল (৩০), মো. সৌরভ (৩৫), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আজমত আলী (৪৫), মীর হোসেন মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০), নুর হোসেন (৫০), মো. শিপলু (৫০), আমির (৪০) ও নেছার সানিসহ মোট ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তর মাসদাইরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন