আন্তর্জাতিক
ইরানের সতর্কতা কানে তোলেনি পেন্টাগন, কুয়েতে প্রাণ গেল ৬ মার্কিন সেনার

কুয়েতে একটি ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনার মৃত্যুর আগে পেন্টাগন নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা এড়িয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন এক হুইসেলব্লোয়ার। সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে এমন দাবি প্রচারের পর এর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন এপিক ফিউরির দ্বিতীয় দিনে কুয়েতের একটি কমান্ড পোস্টে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায়ের একটি হামলা নিয়ে করা সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি জানান, ইরান আট থেকে নয় হাজার ড্রোন ছুড়েছিল, যার মধ্যে মাত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রথম দিনেই কুয়েত ও সৌদি আরবে মার্কিন প্রাণহানি ঘটে। একইভাবে দুই হাজার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে মাত্র একটি জর্ডানে আঘাত হেনে মার্কিন প্রাণহানি ঘটিয়েছিল। ট্রাম্প আরও বলেন, এর অর্থ হলো ইরানের ৯৯.৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে অথবা সেগুলো মার্কিন বাহিনীর কোনো প্রাণহানি ঘটাতে পারেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ঐতিহাসিকভাবে কার্যকর। এত ভালোভাবে কাজ করার সক্ষমতা বিশ্বের আর কারও নেই। আর এসব তথ্যই ৬০ মিনিটসের প্রতিবেদনে বাদ দেওয়া হয়েছে।
হাউস ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে এই অভিযোগটি করেছেন ড্রোন হামলা থেকে বেঁচে ফেরা সেনা কর্মকর্তা মেজর স্টিফেন র্যামসবটম। ১ মার্চের ওই হামলায় ক্যাপ্টেন কোডি খোরক, সার্জেন্ট নোয়াহ টিটজেনস, সার্জেন্ট নিকোল আমোর, সার্জেন্ট ডেক্লান কোডি, মেজর জেফরি ও'ব্রায়েন এবং চিফ ওয়ারেন্ট অফিসার রবার্ট মারজান নিহত হন। র্যামসবটম বলেন, এটি সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং একেবারে আমার স্তর পর্যন্ত সবার কৌশলগত ব্যর্থতা। তার দাবি, পোর্ট শুয়াইবার ওই ঘাঁটি গাড়ি বোমা ঠেকানোর মতো প্রস্তুত থাকলেও আকাশপথে হামলা ঠেকানোর কোনো ব্যবস্থাই সেখানে ছিল না। ঘাঁটিতে কোনো চিকিৎসক, নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র বা পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও ছিল না। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের লজিস্টিকস কর্মকর্তা মেজর জেনারেল জন হিনসনের কাছে এই আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, দেখুন, আমরা এখানে কীভাবে সুরক্ষিত আছি তা আমি বুঝতে পারছি না। জবাবে হিনসন তাকে বলেছিলেন, নিরাপত্তা নিয়ে আমাদের ভাবতে হবে না। র্যামসবটম আরও জানান, ঘাঁটির জন্য ড্রোন প্রতিরোধী ব্যবস্থা চাওয়া হলেও তা কখনো পৌঁছায়নি।
তবে হামলার পরের দিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন যে পোর্ট শুয়াইবা সুরক্ষিত ছিল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, মাঝে মাঝে দুর্ভাগ্যবশত একটি ফসকে চলে আসতে পারে, যাকে আমরা স্কুইর্টার বলি। আর এ ক্ষেত্রে এটি এমন একটি কৌশলগত অপারেশন সেন্টারে আঘাত হেনেছে যা সুরক্ষিত ছিল। তবে এগুলো অত্যন্ত শক্তিশালী অস্ত্র। পেন্টাগন তাৎক্ষণিকভাবে র্যামসবটমের অভিযোগের কোনো জবাব না দিলেও মুখপাত্র শন পার্নেল সিবিএসের প্রতিবেদনটিকে মিথ্যা আখ্যা দেন। তিনি বলেন, সিবিএসের এই প্রতিবেদন সত্য নয়। কৌশলগত অপারেশন সেন্টার কোনো অস্থায়ী অফিস নয়। নিরাপদ এই স্থাপনাটি ৬ ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল।
এই ঘটনার পর সেনেটের তদন্ত উপকমিটির নতুন চেয়ারম্যান সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল রবিবার পিট হেগসেথকে চিঠি দিয়ে ওই কুয়েতি ঘাঁটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গোপনীয় ব্রিফিং দাবি করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, নিহত ছয় সেনাসদস্যের পরিবার, আহত ও মার্কিন জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতা পাওয়ার অধিকার রয়েছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
ডিবিসি/এসভিএন