সারা বাংলা
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা (১ বছর ১ মাস) নামে এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হলে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখেন কবরটি খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিমা ছুরিরচর এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। গত ২৩ অক্টোবর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হলে ওই এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল।
শিশুটির মা শাহাজান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পানিতে পড়ে মেয়েটা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর ডেকে মেয়ের কবরে দোয়া করিয়েছি। সন্তান হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, তার ওপর এখন লাশটাও চুরি হয়ে গেল। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।’
স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন জানান, দাফনের এক মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, কোনো কবিরাজ চক্র এই মরদেহ চুরি করে থাকতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে, যেগুলোর কোনো সন্ধান আজও পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় থাকায় বিষয়টি জানতে পারিনি। তবে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে