সারা বাংলা
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
একপর্যায়ে সংঘর্ষে জড়িত নেতাকর্মীদের ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা পিছু হটেন। পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় থানায় থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িগুলো পুড়ে যায়।
ঘটনার পর থানা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণও জানা যায়নি।
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল ধরেননি। ফলে হামলা, গুলিবর্ষণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসএফএল