বিবিধ
নার্সিং ও মিডওয়াইফারিকে বৈদেশিক কর্মসংস্থানের প্রধান খাতে পরিণত করতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের ব্যাপক চাহিদা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি এ পেশাকে বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করতে কাজ করছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে আয়োজিত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কেবল একটি চাকরি নয়; এটি মানবসেবা, পেশাগত দক্ষতা, সহমর্মিতা ও নেতৃত্বের এক অনন্য সমন্বয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আধুনিক চিকিৎসাজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের পেশাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগদক্ষতা ও আধুনিক স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন।
এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল