ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত ৮টি ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত ৮টি ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত ৮টি ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। অঞ্চলটিতে ইসরায়েলি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণের অংশ হিসেবে ব্রিটিশ সরকারের নেওয়া এটিই প্রথম নিষেধাজ্ঞা।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আটটি নির্মাণ ও আবাসন উন্নয়ন প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের অর্থ প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং পশ্চিম তীরে নতুন ভবন নির্মাণে সহায়তা করার সক্ষমতা কমবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি নির্মাণ সম্পূর্ণ অবৈধ এবং সাম্প্রতিক বছরগুলোতে এর হার বেশ দ্রুত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর দখলদারদের হামলার ঘটনাও অনেক বেড়েছে।


এই নিষেধাজ্ঞার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে এর আগে পশ্চিম তীর সংক্রান্ত যেকোনো ব্রিটিশ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে ইসরায়েল অভিযোগ করেছিল যে লেবার সরকার সিস্টেম্যাটিকভাবে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।


জেরুজালেমের পূর্বে অবস্থিত অত্যন্ত সংবেদনশীল ‘ইওয়ান’ (E1) এলাকায় নির্মাণ কাজের দরপত্র জমা দেওয়ার ঠিক দুই দিন আগে এই ঘোষণা এল। আন্তর্জাতিকভাবে নিন্দিত এই ইওয়ান পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরকে দুভাগে বিভক্ত করে ফেলবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, এই ইওয়ান উন্নয়ন পরিকল্পনা ফিলিস্তিনের ‘হৃদপিণ্ডে আঘাত হেনে’ দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘অসম্ভব’ করে তুলবে।


এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে যারা নানা অবরোধের আয়োজন ও পরিচালনা করেছে, এমন একটি ইসরায়েলি আন্দোলন ‘তজাভ নাইন’ (Tav 9)-এর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাজ্য তাদের মানবাধিকার নিষেধাজ্ঞা নীতি আরও প্রসারিত করে, যার ফলে বিশ্বের যেকোনো প্রান্তে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে সরকার। পাশাপাশি, ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করতে এবং যুক্তরাজ্যে এসব বসতি সম্পর্কিত বিজ্ঞাপনী সেবা দেওয়া বন্ধ করতে পৃথক আইন তৈরি করছে সরকার।


পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষা করা হলো এই সরকারের নীতিমালার মূল লক্ষ্য। এ কারণেই ইওয়ান নিয়ে আমার বার্তা স্পষ্ট, দরপত্র জমা দেবেন না, নির্মাণ করবেন না এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ধ্বংসের মাধ্যমে লাভবান হবেন না। পশ্চিম তীর ও গাজার বর্তমান পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের নতুন সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে উৎপাদনশীলভাবে কাজ করে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়েছিল যে তারা ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করবে এবং বসতি সম্প্রসারণে সেবা প্রদানকারী কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই সময় মিলিব্যান্ড এটিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতির সূচনা বলে অভিহিত করেছিলেন, যা কেবল অবিচার ও কষ্টকে চিহ্নিতই করে না, বরং কার্যকর পদক্ষেপও নেয়। এই ঘোষণার পর ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনসুলেট বন্ধের হুমকি দেয়। যদিও গত মাসে কনসুলেটের বেশিরভাগ কূটনীতিক চলে গেছেন, তবে যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে যে ভবনটি বন্ধ হচ্ছে না এবং এটি একটি ব্রিটিশ মিশন হিসেবে পরিচালিত হবে।


১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে সেখানে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে ইসরায়েল, যেখানে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করছেন। তাদের পাশাপাশি আনুমানিক ৩৩ লাখ ফিলিস্তিনির বসবাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্র বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন