ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহের ঘটনা

পৈতৃক বাড়িতে দাফনে বাধা, গণপিটুনিতে নিহত মেহেদী নানার বাড়িতে সমাহিত

পৈতৃক বাড়িতে দাফনে বাধা, গণপিটুনিতে নিহত মেহেদী নানার বাড়িতে সমাহিত
ময়মনসিংহের ঘটনা

পৈতৃক বাড়িতে দাফনে বাধা, গণপিটুনিতে নিহত মেহেদী নানার বাড়িতে সমাহিত

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ময়মনসিংহ নগরে বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী মেহেদী হাসানকে (৩১) তার নানার বাড়িতে দাফন করা হয়েছে।

পৈতৃক বাড়িতে দাফন করতে বাধা দেওয়ায় বাধ্য হয়ে নানার বাড়িতে স্বামীর মরদেহ দাফন করেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী মীম আক্তার। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা করবেন না বলেও জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মেহেদীর স্ত্রী মীম আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, আমার স্বামীকে তার নিজ বাড়িতে দাফন করতে দেয়নি একদল লোক। তাই বাধ্য হয়ে তার নানার বাড়িতে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা করবেন না বলেও জানান তিনি।


নিহত মেহেদী হাসান ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী পূর্বে ছাত্রলীগ ও বর্তমানে যুবলীগের কর্মী ছিলেন। তার চার বছর বয়সী মেহজাবিন নামে একটি কন্যাসন্তান রয়েছে।


এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সোয়া চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। সোমবার সারাদিন পরিবারের কেউ মরদেহ নিতে না আসায় রাতে সেটি ফ্রিজিং করে রাখা হয়।


মঙ্গলবার দুপুরে স্ত্রী মীম আক্তার স্বামীর মরদেহ নিতে হাসপাতালে আসেন। পরে ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে চারটার দিকে তার কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এ সময় মেহেদীর এক চাচাতো ভাইও সঙ্গে ছিলেন।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। তাদের থানায় যোগাযোগ করতে বলা হলেও তারা আর যাননি। ওই সময় তারা কেউ নিজেদের নাম–পরিচয় কিংবা মুঠোফোন নম্বরও দেননি।


মেহেদীর স্বজনদের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, মেহেদীর মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ্জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়।


এ হত্যাকাণ্ডের পর রবিবার রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত সুরুজ্জামান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার দাবি করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।


এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেল সোয়া চারটার দিকে মেহেদীর স্ত্রী মরদেহ নিয়ে গেছেন। এ সময় তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।


এক রাতে দুই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। সুরুজ্জামান হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন