বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লায় সিএনজি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাই অটোরিকশা উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে অনিক ব্রিকফিল্ডের প্রায় ২০০ গজ উত্তরে পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে এসআই সুমন তালুকদার, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল চারজনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুরের ইমরান সাকিব রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণের কামাল ওরফে আলমগীর (৫২), মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগরের মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ির আল আমিন (৩৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কারুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এসভিএন