ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

অচল হয়ে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক

অচল হয়ে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক

আন্তর্জাতিক

অচল হয়ে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ গোপন যোগাযোগের নেটওয়ার্ক এনএসানেট বন্ধ হয়ে গেছে। ফলে সংস্থাটির দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। শীর্ষ গোপন গোয়েন্দা তথ্যসহ স্পর্শকাতর নথিপত্র আদান-প্রদানের জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়াশিংটন থেকে এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মেরিল্যান্ডের ফোর্ট মিডের সদর দপ্তরের কর্মীদের সমস্যাটি মূল্যায়নের জন্য শিফটে বিভক্ত হয়ে আসার নির্দেশ দিয়েছে সংস্থাটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিস্টেম আপডেট করার একটি সফটওয়্যার আপডেটের কারণে এই বিভ্রাট ঘটেছে এবং এটি সাময়িক। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এনএসএ।


কর্মীদের জন্য চালু করা একটি তথ্য হটলাইনের রেকর্ড করা বার্তায় দিনটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা ‘কোড ইয়েলো’ জারি করার কথা জানানো হয়। জরুরি নয় এমন কর্মীদের দুপুরের আগে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি কর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।


সিএনএন এবং নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা বা অন্য কোনো ক্ষতিকর তৎপরতার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিউইয়র্ক টাইমসের এক সূত্র জানিয়েছে, নেটওয়ার্কটি গত কয়েক সপ্তাহ ধরে অস্থিতিশীল ছিল এবং কর্মীদের মধ্যে এটি নিয়ে হতাশা ছিল।


সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কিছু প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে দেশজুড়ে ফ্লাইট গ্রাউন্ড স্টপ, মাইক্রোসফট বিভ্রাট এবং ব্যাংকিং সেবায় বিঘ্ন ঘটার ঘটনা। এসব ঘটনার কোনোটির সঙ্গেই সাইবার হামলার যোগসূত্র পাওয়া যায়নি।


এসব ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাট নিয়ে ট্রাম্প খুব বেশি গুরুত্ব না দিয়ে ম্যানিলায় সাংবাদিকদের বলেন, ‘এসব তো ঘটে।’ তিনি জানান, তিনি ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ আসবে। এছাড়া আসন্ন থাংকসগিভিং ছুটির আগে ভ্রমণকারী আমেরিকানরা নিরাপদ আছেন বলেও উল্লেখ করেন তিনি।


এদিকে হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিজ সাম্প্রতিক দেশব্যাপী প্রযুক্তিগত ও অবকাঠামোগত বিপর্যয়ের বিষয়ে কংগ্রেসকে ব্রিফ করার জন্য ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এসব ব্যাপক বিপর্যয় নিয়ে জনগণের আরও স্বচ্ছতা পাওয়ার অধিকার রয়েছে।


সূত্র: দ্য গার্ডিয়ান


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন