আন্তর্জাতিক
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন আরোহীর সবাই নিহত

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ১৭ জনের সবাই নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি একটি এএন-১২ সামরিক বিমান। এটি আঞ্চলিক রাজধানীর দক্ষিণের ইয়াগুনোভো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেড্যুক টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের ইয়াগুনোভো জেলায় একটি ‘এভিয়েশন ইনসিডেন্ট’ বা বিমান দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আঞ্চলিক প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।’ পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন