আন্তর্জাতিক
চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহের শেষ দিকে শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে পুতিনকে বহনকারী উড়োজাহাজ শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিফ অব স্টাফ সাই ছি। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় মার্চপাস্টে অংশ নেওয়া চীনা সেনাসদস্যরা তাঁকে অভিবাদন জানান। এ সময় রাশিয়া ও চীনের পতাকা হাতে নৃত্যশিল্পীরাও পুতিনের গাড়িবহরকে স্বাগত জানান।
চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে বিশ্বের নজর থাকলেও, সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে ট্রাম্প, সি চিন পিং ও পুতিনের মধ্যকার এই ত্রিপক্ষীয় বৈঠক। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিন পরাশক্তির শীর্ষ নেতার এমন বৈঠককে সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন