সারা বাংলা
মেহেরপুরে দুই স্থানে ৬টি ককটেল ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় ককটেলের সাথে থাকা জয় বাংলা লেখা একটি চিরকুটও জব্দ করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ও বুধবার (১৮ নভেম্বর) ভোরে পৃথক অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ককটেলগুলোর ওপরে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট সাঁটানো ছিল। খবর পেয়ে তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্প ও গাংনী থানা পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে ককটেল তিনটি ও চিরকুটটি জব্দ করে।
এরপর আজ বুধবার ভোরে একই গ্রামের বোলতলা ব্রিজের ওপর আরও তিনটি ককটেল পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানান, এলাকায় নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ককটেলগুলো রেখে গিয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে