সারা বাংলা
ভারতের উত্তরাখণ্ডে গভীর খাদে বাস পড়ে নিহত ৬, আহত ২০

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গড়ওয়াল জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুলার বাজার এলাকার একটি সেতুর নিচে প্রায় ৩০০ ফুট (১০০ মিটার) গভীর খাদে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হরিদ্বার থেকে চামোলিগামী বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। গুলার বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর বিয়াসি ও ধালওয়ালা পোস্টের সদস্যরা।
উদ্ধারকর্মীরা খাদ থেকে প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে তেহরীর জেলা ম্যাজিস্ট্রেট নিতিকা খান্ডেলওয়াল এবং জ্যেষ্ঠ পুলিশ সুপার শ্বেতা চৌবে ঘটনাস্থলে ছুটে যান।
এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, সোমবার (১৬ নভেম্বর) রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রাত ১০টার দিকে বাঁশওয়াড়া-মোহনখাল সড়কের ভাটওয়ারি-কান্দারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ‘বোলেরো’ গাড়ি গভীর খাদে পড়ে যায়। পোখরি থেকে রানসিগামী গাড়িটিতে ৯ থেকে ১০ জন যাত্রী ছিলেন।
নিহতরা হলেন কুওয়ার সিং (৬০), মদন সিং (৪০), সুরাজ সিং (৪২) ও বলবীর সিং (৭০)। আহত হয়েছেন উম্মেদ সিং (৫২), রাজেন্দ্র সিং (৫৬), লাভিশ রানা (২৫), বংশিকা (৮), উর্মিলা দেবী (৩৩) ও পূজা দেবী (৩৪)। অগস্ত্যমুনি থানা-পুলিশ, এসডিআরএফ এবং ডিডিআরএফ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে খাদে আটকে পড়া সবাইকে উদ্ধার করেন।
ডিবিসি/এইচডিআই