বিবিধ
বিল্ড বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনীতে আবুল খায়ের স্টীলের অংশগ্রহণ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টীল (একেএস) ৩১তম 'বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো'-তে অংশগ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, শিক্ষক, ঠিকাদার, ডিলার, ডেভেলপার ও বাড়ির মালিকসহ নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের সমাগম ঘটে।
এ আয়োজনে একেএস-এর স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির শতভাগ রিফাইনড স্টীলের উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং রড, রিং ও স্কয়ার বারসহ বিভিন্ন পণ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। পাশাপাশি আগতদের সঙ্গে একেএস-এর নতুন পণ্যগুলোরও পরিচয় করিয়ে দেওয়া হয়। দর্শনার্থীদের কারিগরি পরামর্শ দিতে এবং পণ্যের ব্যবহারসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে স্টলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা।
এবারের প্রদর্শনীতে একেএস-এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দেশের স্টীলশিল্পে অর্জিত সাফল্য সম্পর্কে ধারণা লাভ করেন। স্টলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে দর্শনার্থীদের আলোচনায় নির্মাণকাজে বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যবহার ও প্রয়োজনের কথা উঠে আসে। একেএস সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি দর্শনার্থীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতাও বিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, স্টীলের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ প্রদর্শনীতে একেএস-এর অংশগ্রহণের মূল উদ্দেশ্য। এই আয়োজন প্রতিষ্ঠানটির পণ্য, প্রযুক্তি ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি গ্রাহক ও দর্শনার্থীদের চাহিদা এবং প্রত্যাশা সরাসরি জানার সুযোগ তৈরি করে দিয়েছে।
ডিবিসি/এমএনকে