ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

সাত দিনে ১৫ প্রতিষ্ঠানের ২৭ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

সাত দিনে ১৫ প্রতিষ্ঠানের ২৭ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

বাংলাদেশ

সাত দিনে ১৫ প্রতিষ্ঠানের ২৭ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

বাসস

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই নভেম্বর ২০২৬ ০২:৪৯:৪৩ অপরাহ্ন

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশব্যাপী অভিযান চালিয়ে ১৫টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে ১৫টি মামলা দায়ের এবং এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিএফএসএ সূত্র জানায়, গত সাত দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট ও বিশুদ্ধ খাদ্য আদালতের মাধ্যমে এসব বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা মহানগরীতে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিবন্ধন ও স্বাস্থ্যসনদ না থাকা এবং লেবেলবিহীন মাছ-মাংস সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা ও একটি মামলা করা হয়েছে।
 

অন্যদিকে চুয়াডাঙ্গা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া ও কুমিল্লায় পরিচালিত মোবাইল কোর্টে ১১টি প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা এবং ১১টি মামলা দায়ের করা হয়। অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নন-ফুডগ্রেড পাত্রে খাদ্য সংরক্ষণ এবং ক্রয় চালান দেখাতে না পারায় এসব দণ্ড দেওয়া হয়।
 

এছাড়া নাটোর ও কক্সবাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে (সামারি ট্রায়াল) তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে গত ১১ নভেম্বর নাটোরের ‘দ্বারিক ভান্ডার’-এর স্বত্বাধিকারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রায় ৪ মণ কাঁচাগোল্লা ও ৫০ কেজি ছানা ধ্বংস করা হয়। পরবর্তীতে ১৪ নভেম্বর কক্সবাজারে দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ও দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
 

আইন প্রয়োগের পাশাপাশি গত এক সপ্তাহে সারাদেশের বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানসহ মোট ১০০টি খাদ্যস্থাপনায় নিয়মিত তদারকি করেছে বিএফএসএ। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে বিটিভি, বাংলাদেশ বেতার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে।

 

বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি, নমুনা পরীক্ষা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান আগামীতে আরও জোরদার ও বিস্তৃত করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন